“রাজনীতিতে নাক গলানো পুলিশের কাজ না”
রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ না উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং-সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধা দেয় না, দেবেও না।
আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় ডিএমপির নতুন কমিশনার বলেন, কিন্তু মিছিল-মিটিং-সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে। থানাকে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কি না বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি না সে বিষয়টি আমরা মনিটরিং করছি।
তিনি বলেন, এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে একটি বক্তব্য দেবেন। যাতে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে। চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির আওতাধীন নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো।





